ভূমিকা
বর্তমান বিশ্বে তথ্য ও প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি আমাদের দৈনন্দিন জীবনে যেমন সুবিধা এনেছে, তেমনি সৃষ্টি করেছে নতুন কিছু চ্যালেঞ্জ। এর অন্যতম হলো—ভুয়া বা বিভ্রান্তিকর তথ্যের দ্রুত ছড়িয়ে পড়া। ফেসবুক, টুইটার (বর্তমান নাম X), ইউটিউব, ইনস্টাগ্রামসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যম এখন মানুষের প্রধান তথ্যের উৎসে পরিণত হয়েছে। এ মাধ্যমগুলোতে প্রতিনিয়ত অসংখ্য সংবাদ, ছবি, ভিডিও ও ব্যক্তিগত মতামত শেয়ার করা হয়। তবে এসব তথ্যের অনেক অংশই ভুল, উদ্দেশ্যপ্রণোদিত বা বিভ্রান্তিকর হয়ে থাকে। তাই এসব তথ্য যাচাই করে গ্রহণ করাই এখন সময়ের দাবি।
তথ্য বিভ্রান্তির ভয়াবহতা
ভুয়া তথ্য বা "ফেক নিউজ" কোনো নিরীহ ব্যাপার নয়। রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রদায়িক দাঙ্গা, স্বাস্থ্যঝুঁকি থেকে শুরু করে ব্যক্তির মানহানি পর্যন্ত—বিভিন্ন মাত্রায় এর ভয়াবহ প্রভাব রয়েছে। উদাহরণস্বরূপ, কোনো ভুয়া স্বাস্থ্য-সংক্রান্ত পোস্ট অনেক মানুষকে ভুল চিকিৎসা নিতে বাধ্য করতে পারে; আবার রাজনৈতিক বা ধর্মীয় মিথ্যা তথ্য জনমনে বিভ্রান্তি বা বিদ্বেষ ছড়াতে পারে। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই করা এখন একটি অপরিহার্য সামাজিক দায়িত্ব।
সত্যতা যাচাইয়ের পদ্ধতিসমূহ
১. তথ্যের উৎস যাচাই
যে তথ্য বা পোস্টটি চোখে পড়েছে, সেটি কোন উৎস থেকে এসেছে তা প্রথমেই দেখা জরুরি। নির্ভরযোগ্য গণমাধ্যম, সংবাদ সংস্থা বা সরকারি সূত্র থেকে আসা তথ্য সাধারণত বিশ্বাসযোগ্য হয়। অপরিচিত বা অননুমোদিত পেজ, গ্রুপ বা ব্যক্তির পোস্ট হলে সন্দেহের চোখে দেখা উচিত।
২. ছবি ও ভিডিও যাচাই
ভুয়া খবর ছড়ানোর অন্যতম হাতিয়ার হলো বিভ্রান্তিকর ছবি ও ভিডিও। অনেক সময় পুরনো ছবি বা অন্য ঘটনার দৃশ্যকে সাম্প্রতিক বলে চালানো হয়। এর সত্যতা যাচাইয়ের জন্য Google Reverse Image Search, TinEye, বা Yandex Image Search ব্যবহার করা যেতে পারে। ভিডিও যাচাইয়ের জন্য InVID, YouTube DataViewer এর মতো টুল ব্যবহৃত হয়।
৩. বিশ্বস্ত ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ব্যবহার
বর্তমানে অনেক ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট ও সংস্থা রয়েছে, যারা নিয়মিতভাবে বিভিন্ন দাবির সত্যতা যাচাই করে। বাংলাদেশে যেমন:
- RumorScanner
- FactWatch
- BD FactCheck
আন্তর্জাতিকভাবে রয়েছে:
- Snopes
- PolitiFact
- FactCheck.org
এগুলো ব্যবহার করে সংশ্লিষ্ট তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
৪. একাধিক উৎসে তথ্য যাচাই
একটি তথ্য বা খবর যদি সত্য হয়, তবে সাধারণত তা একাধিক নির্ভরযোগ্য মাধ্যমে প্রকাশিত হয়। শুধুমাত্র একটি উৎসে পাওয়া তথ্যের উপর নির্ভর না করে, বিভিন্ন উৎস থেকে মিলিয়ে দেখা উচিত।
৫. তারিখ ও প্রেক্ষাপট পরীক্ষা
অনেক সময় পুরনো কোনো ঘটনা নতুন করে প্রচার করা হয়, যার ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়। তাই সংবাদ বা ছবির প্রকাশের তারিখ, স্থান ও প্রেক্ষাপট যাচাই করে নেয়া অত্যন্ত জরুরি।
৬. ভাষার ধরন বিশ্লেষণ
সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী প্রকৃত খবর নিরপেক্ষ ও তথ্যনির্ভর হয়। অতিরঞ্জিত, আবেগতাড়িত, উস্কানিমূলক বা গুজবধর্মী ভাষা ব্যবহার করা হয়েছে কিনা, তা বিশ্লেষণ করে অনেক সময় পোস্টটির উদ্দেশ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়।
৭. বিশেষজ্ঞের মতামত যাচাই
বিশেষ কোনো বিষয়—যেমন চিকিৎসা, আইন, বিজ্ঞান ইত্যাদি—সম্পর্কিত পোস্টের ক্ষেত্রে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ বা সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের বক্তব্য যাচাই করা উচিত। অনেক সময় ভুয়া চিকিৎসা পরামর্শ বা বিকৃত বিজ্ঞানভিত্তিক তত্ত্ব বিপজ্জনক হতে পারে।
উপসংহার
তথ্য প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের হাতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তুলে দিয়েছে। তবে এ প্ল্যাটফর্ম ব্যবহারে সচেতনতা ও দায়িত্বশীলতা অপরিহার্য। আমরা যদি যাচাই না করে কোনো পোস্ট শেয়ার করি, তবে সেটি একজন মানুষ, একটি সম্প্রদায় বা একটি রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই "ভাইরাল" হবার আগে "সত্য" হওয়া জরুরি। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হলো—প্রতিটি তথ্য যাচাই করে গ্রহণ ও প্রচার করা।
কামরুল ইসলাম, স্টকহোম: অবসরপ্রাপ্ত সরকারি নির্বাহী কর্মকর্তা; বর্তমানে শিক্ষক, লেখক, অনুবাদক এবং প্রবন্ধকার











